দায়িত্বে অবহেলার অভিযোগে সিলেটের বিশ্বনাথে চলমান এসএসসি পরীক্ষার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের সচিবকে প্রত্যাহার করেছে সিলেট শিক্ষা বোর্ড।
জানা যায়, পৌর শহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব খায়রুল আমিন মণ্ডলের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ এনে লিখিত অভিযোগ দাখিল করেন ওই কেন্দ্রের দুই পরীক্ষার্থী।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১০টার দিকে খায়রুল আমিন মণ্ডলকে প্রত্যাহারের আদেশ জারি করে সিলেট শিক্ষা বোর্ড। পরে রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্র সচিব হিসেবে একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা গীতা রাণী সরকারকে নিয়োগ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই পরীক্ষার্থী মূলত ২০২৫ সালের পরীক্ষার্থী ছিলেন। তারা হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব ভুলক্রমে তাদের ২০২৬ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করেন।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই দুই পরীক্ষার্থী ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি সিলেট শিক্ষা বোর্ডে পাঠানো হলে বোর্ড তদন্ত শেষে কেন্দ্র সচিবকে প্রত্যাহারের নির্দেশ দেয়।






