সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে আয়োজিত এক সুধিসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মালিক বলেন, দেশের দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, “আজকের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি ছাড়া দারিদ্র ও বেকারত্ব দূর করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, শুধু সনদধারী শিক্ষিত নয়, তরুণদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষা একজন যুবককে স্বাবলম্বী করে তুলতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
এমপি আব্দুল মালিক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণমূলক উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের প্রশংসা করে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত এ উদ্যোগ পুরো অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
তিনি জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে এলাকার বেকার যুবকরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সঙ্গে এটি মানবিক উন্নয়ন কার্যক্রম হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় তিনি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আলী আহমদ নেছাওরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ব্যক্তিগত ও সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকল্পের সহ-সভাপতি ছানাওর আহমদ সিতাবের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও সহ-সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, ফাউন্ডার ও কোষাধ্যক্ষ আব্দুল হক আবু, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সোহেল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল চৌধুরী সিফতা, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমির আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে একটি মেটারনিটি ক্লিনিকের নির্মাণকাজ শুরু হয়েছে। গত ১২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২)-এর চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়াও প্রকল্পের আওতায় একটি অরফানেজ হাফিজিয়া মাদ্রাসা ও নার্সিং হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। স্থানীয় এলাকাবাসী এ মানবকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বৃদ্ধি পাবে।








