সিলেটের বালাগঞ্জে দেশে ফেরার মাত্র ৩ দিনের মাথায় আকস্মিক ইন্তেকাল করেছেন গ্রীস প্রবাসী সেলিম আহমদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নিজ গহরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল। তিনি ওই গ্রামের আনছার আলীর বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) গ্রীস থেকে দেশে ফেরেন সেলিম আহমদ। দেশে ফেরার পর পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সেলিম আহমদের জানাজা সোমবার (১১ মে) বাদ জোহর স্থানীয় আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।








