সিলেটে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বিশ্বনাথ উপজেলা বালিকা ফুটবল দল। রবিবার (১০মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিলেট সিটি কর্পোরেশন বালিকা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বিশ্বনাথ।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধের ৮ মিনিটে সাথী রানী দাস স্মৃতির একমাত্র গোলে এগিয়ে যায় বিশ্বনাথ উপজেলা দল। পরে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালালেও বৃষ্টির কারণে কর্দমাক্ত মাঠে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বিশ্বনাথ।
প্রথমবারের মতো আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল ইভেন্টে সিলেট জেলার ১৪টি দল অংশ নেয়। টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্বনাথ উপজেলা দল প্রথম রাউন্ডে কোম্পানীগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে, কোয়ার্টার ফাইনালে কানাইঘাট উপজেলাকে ২-০ গোলে এবং সেমিফাইনালে বিয়ানীবাজার উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এরপর ফাইনালে সিলেট সিটি কর্পোরেশনকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।
ফাইনাল ম্যাচে বিশ্বনাথ উপজেলা দলের হয়ে অংশ নেন রুপন্তী রানী দাস, ইমা আক্তার জেনিফা, রুবা আক্তার মুন্নি, মারিয়া জান্নাত, টুপুর রানী দাস, সামিরা বেগম, মাহিয়া আক্তার ফারজানা, মুন্নী আক্তার মরিয়ম, জান্নাতুল ফেরদৌস মাহিয়া, সাথী রানী দাস স্মৃতি, ফাতেমা বেগম তমা, মাহদিয়া জান্নাত নাদিয়া, আমিনা জান্নাত মীম, সাজেদা ছইদ আয়েশা, মারজানা তাবাসসুম, সৈয়দা নাঈমা বেগম ও প্রীতি রানী সূত্রধর।
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী হোসেন। ম্যানেজার ছিলেন মো. হাসানুজ্জামান মিলন এবং সহকারী ম্যানেজার হিসেবে ছিলেন ওয়াসিম উদ্দিন।
ফাইনালে বিশ্বনাথ উপজেলা দলকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব ময়নুল হক, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান রিপন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সদস্য সমুজ আহমদ সায়মন ও মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব ও মো. আব্দুল্লাহ, ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম এবং দিলোয়ার হোসেন।






