সিলেটের বহুল আলোচিত রায়হান হত্যা মামলার নির্ধারিত তারিখ থাকলেও বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর জজ আদালতে কোনো শুনানি হয়নি। বিচারকের অনুপস্থিতির কারণে এদিন মামলার কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। এদিকে আদালতের নির্ধারিত তারিখ থাকলেও হাজিরা দেননি মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা এসআই আকবর হোসেন ভূঁইয়া।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন আশুক। তিনি জানান, এ মামলার মোট ছয় আসামির মধ্যে একজন শুরু থেকেই পলাতক রয়েছেন। বাকি পাঁচজনের মধ্যে শুধুমাত্র এএসআই আশেক এলাহী কারাগারে আছেন। অপর চারজন জামিনে মুক্ত। সর্বশেষ গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে বের হন মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া। তবে ১৪ আগস্ট চেম্বার জজ আদালতে আপিলের পর তার জামিন বাতিল করা হয় এবং তাকে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি এখনো আদালতে হাজির হননি।
পিপি আশিক উদ্দিন আশুক আরও জানান, বুধবার মামলার শুনানির দিন থাকলেও জামিনে মুক্ত চার আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। বিচারক না থাকায় মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে সিলেট মহানগরের কাস্টগর এলাকা থেকে আখালিয়া নেহারি পাড়ার যুবক রায়হান আহমদকে তুলে নিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সেখানে রাতভর নির্যাতনের পর ভোরে গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তৎকালীন পুলিশ কর্মকর্তারা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও সিলেটজুড়ে ব্যাপক জনমতের চাপের মুখে পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু হয়েছে বলে প্রমাণিত হয়।
ঘটনার পরদিন বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর ওই বছরের ৯ নভেম্বর ভারত পালানোর চেষ্টা করার সময় কানাইঘাটের আলোচিত ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়।
গত ১০ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পান এসআই আকবর। তবে ১৪ আগস্ট চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে এবং ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আকবর আদালতে হাজির না হওয়ায় তিনি এখনো পলাতক রয়েছেন।
রায়হান হত্যা মামলার আইনজীবী ব্যারিস্টার ফজল চৌধুরী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে জানান, হাইকোর্টের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় এসআই আকবর বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।
আরোও পড়ুন:: সিলেটে ছেলের হাতে প্রাণ গেল মায়ের।






