ঈদে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিশ্বনাথের দুই যুবক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে দুই পরিবারের ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। ঈদের দিন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই যুবক। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সাহেবনগর এলাকায় যাত্রীবাহী লেগুনা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় আহত হন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে হোসাইন আহমদ এবং একই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে মো. রুহুল আমিন। আহতদের মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ বাজার এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবনগর এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা গোবিন্দগঞ্জগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আহত রুহুল আমিনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। অন্যদিকে হোসাইন আহমদও গুরুতর আঘাত পেয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও ইসলামী সংগীতশিল্পী মারজান মোহাম্মদ রুহী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঈদের আনন্দ উপভোগ করতে বের হয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পড়েছেন দুই যুবক।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪