অপপ্রচার চালিয়ে এলাকার উন্নয়নকাজকে কেউ যেনো বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। তিনি বলেন, ‘উন্নয়নকাজে সুনির্দিষ্ট কোনো অনিয়ম হলে কর্তৃপক্ষ বা আমাকে সরাসরি জানান, তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২৫ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর আরও বলেন, ‘এই অঞ্চলের রাস্তাঘাট দীর্ঘদিনের অবহেলিত। এলাকার রাস্তার সংস্কার সবাই চায় এবং এটি নির্বাচনের সময় দেওয়া আমার অন্যতম অগ্রাধিকারভিত্তিক অঙ্গীকার। তবে, একসঙ্গে সব কাজ করা সম্ভব নয়। ক্রমান্বয়ে সব উন্নয়ন সম্পন্ন করা হবে। যেখানে যে উন্নয়ন হবে বা বরাদ্দ আসবে, তা যেন যথাযথভাবে বাস্তবায়িত হয় এবং কেউ যেন সরকারি অর্থ আত্মসাৎ করতে না পারে-সেদিকে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দিয়ে এমপি তাহসিনা রুশদীর বলেন, ‘আজ যারা ত্রাণ পায়নি, আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। একই ব্যক্তি যেনো বারবার সুবিধা না পায় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাইকে সাথে নিয়েই আমাদের এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে।’
বক্তব্যের শুরুতে বিগত নির্বাচনে বিপুল ভোটে তাকে বিজয়ী করার জন্য খাজাঞ্চী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এমপির একান্ত সহকারী ময়নুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মামুন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, অর্থ সম্পাদক সফিক মিয়া মেম্বার।
আরও উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সফিক মিয়া, খায়রুল ইসলাম কবির, দিলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন, বিএনপি নেতা সুলতান মিয়া, ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা আব্দুল হাছিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা মহিলা দল নেত্রী বিলকিছ বেগম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কয়েস আহমদ সবুজ, আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সজিব, ইউনিয়ন যুবদলের সভাপতি সৈযদুর রহমান, সহসভাপতি জমির হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ক্রিড়া সম্পাদক হেলাল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সালমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ইলিয়াস মিয়া।
অনুষ্ঠানে প্রায় তিনশত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।






