সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে খুন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নে ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বাতির আলী। তিনি মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে মারধর করে গুরুতর আহত অবস্থায় বাড়ির পাশেই ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় আশপাশে থাকা কয়েকজন নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে আহত অবস্থায় বাতির আলীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের ফুফু এবং সিলাম ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাবিনা আক্তার আসমা দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে বাতির আলীকে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে।

মোগলাবাজার থানা-পুলিশ জানায়, মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪