বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা, থানার সামনে বিক্ষোভ, আটক-১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএন্ডটি রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টিএন্ডটি রোডে আব্দুল মজিদ বকুলের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ছাত্রদলের নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমদ এ হামলা চালিয়েছেন। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্বনাথ থানার সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন।

এদিকে, হামলার ঘটনার পর পৌর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪