বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) তাহসিনা রুশদীর। শনিবার সকালে উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর বলেন, তিন মাসব্যাপী এ অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থা ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করতে হবে। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখতে হবে।

এমপি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে এ তিন মাসের অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় বাজার ও বাসাবাড়িতে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে। এতে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব হবে।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, অলংকারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউপি চেয়ারম্যান ইমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, কাওছার খানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪