ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, সিলেটে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

Ayas-ali-Advertise
ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন রিফাত আহমদের মা।
ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন রিফাত আহমদের মা।
Facebook
Twitter
WhatsApp

সিলেট মহানগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে মহানগরীর কাজির বাজার সেতুর ওপর এ ঘটনা ঘটে।

নিহত রিফাত আহমদ মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির বন্ধন আবাসিক এলাকার বাসিন্দা মিসবাহ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় দীপশিখা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সিলেট মহানগরীর একটি ইনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজন কিশোরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় কাজির বাজার সেতুর ওপর রিফাতের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪