সিলেটের সাবেক এমপি ও শিক্ষাবিদ মাওলানা ফরিদ উদ্দিন আর নেই

Ayas-ali-Advertise
1072
1072
Facebook
Twitter
WhatsApp

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) রাত দেড়টার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কানাইঘাট, জকিগঞ্জসহ সিলেটজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টায় কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের একটি সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আবদুল হক চৌধুরী ছিলেন দেশের একজন সুপরিচিত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল ডিগ্রি অর্জনের পর এমসি কলেজ থেকে বিএ সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলাকার মানুষের প্রশংসা অর্জন করেন।

রাজনীতির পাশাপাশি শিক্ষাবিস্তারে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল, পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা এবং জালালাবাদ কলেজসহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িত। এছাড়া নিজ গ্রাম তালবাড়ীতে ব্যক্তিগত জমি দান করে একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি।

ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সিলেটবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে বলে জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪