হঠাৎ বাতিল হচ্ছে আমিরাতের কর্মভিসা, উৎকণ্ঠায় হাজারো বাংলাদেশি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের একটি অংশের কর্মভিসা হঠাৎ বাতিল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ছুটিতে দেশে এসে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নেওয়া অনেক প্রবাসী বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন, তাঁদের ভিসা আর কার্যকর নেই। আবার কেউ কেউ আমিরাতে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় ভিসা বাতিলের বিষয়টি জানতে পারছেন।

বাংলাদেশিদের অন্যতম বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত। সম্প্রতি পূর্ব ঘোষণা ছাড়াই কিছু কর্মভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার অভিযোগ ওঠায় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, বৈধ কর্মচুক্তি ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের ভিসা বাতিল হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই থেকে এ ধরনের ঘটনা সামনে আসতে শুরু করে। বর্তমানে দেশে অবস্থানরত কয়েক হাজার প্রবাসীর মধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে বলে জানা গেছে। অনেকে অনলাইনে ভিসার অবস্থা যাচাই করে ‘ক্যানসেল’ দেখছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি সংযুক্ত আরব আমিরাত সরকার। ফলে কতজনের ভিসা বাতিল হয়েছে এবং এর পেছনের কারণ কী, তা স্পষ্ট নয়।

এ পরিস্থিতিতে যাঁরা দেশে অবস্থান করছেন, তাঁদের অনেকেই নির্ধারিত সময়ের আগেই দ্রুত কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। এতে বিমান টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় একমুখী ভাড়াও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আগে ৩০ থেকে ৩৫ হাজার টাকায় পাওয়া গেলেও বর্তমানে কিছু রুটে টিকিটের দাম প্রায় এক লাখ টাকা পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন প্রবাসীরা। এতে ভিসা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি বাড়তি আর্থিক চাপেও পড়ছেন তাঁরা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিষয়টি শুধু বাংলাদেশের নয়; পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশের কর্মীদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটছে। এর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মন্ত্রী জানান, আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় চাওয়া হয়েছে। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরলে কূটনৈতিক পর্যায়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, ভিসা বাতিল হওয়া প্রবাসীদের আবেদন গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৩০০টি আবেদন পাঠানো হয়েছে এবং আরও প্রায় ১ হাজার ৪০০টি আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।

এদিকে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিসা বাতিলের কারণ কারিগরি ত্রুটি নাকি অন্য কোনো প্রশাসনিক কারণে হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ভিসা সমস্যার সমাধানের নামে কোনো ব্যক্তি, দালাল বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসাসংক্রান্ত যেকোনো জটিলতায় সরকারি ও নির্ধারিত প্রক্রিয়ায় সরাসরি বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

ভিসা বাতিলের প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হওয়ায় আমিরাতে কর্মরত এবং দেশে অবস্থানরত হাজারো বাংলাদেশি প্রবাসী উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দ্রুত এ সমস্যার সমাধানে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় তাঁরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪