সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক অগ্নিদগ্ধ এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আবাবিল মানবকল্যাণ গ্রুপ’। ওই শিশুর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে শুক্রবার (১০ জুলাই) বিকেলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ গোবিন্দনগর (বিলপার) গ্রামের মরহুম ফারুক আহমদের ৬ বছর বয়সী ছেলে রায়হান আহমদ। বাবার মৃত্যুর মাত্র ১৫ দিন পর অসাবধানতাবশত আগুনে তার পেট ও মুখের কিছু অংশ গুরুতরভাবে পুড়ে যায়। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
অসহায় পরিবারটির এই কষ্টের খবর পেয়ে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ‘আবাবিল মানবকল্যাণ গ্রুপ’। সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে শিশু রায়হানের পরিবারের কাছে গিয়ে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন।
নগদ অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আবাবিল মানবকল্যাণ গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন আজমল হোসেন বুলবুল, উপদেষ্টা মাসুম নুর, আহ্বায়ক জামাল আহমদ ও সদস্য সচিব আব্দুল আজাদ, কোষাধ্যক্ষ শাহেদ আহমেদ, সদস্য লিয়াকত আলী, মো. জামাল আহমদ, জাবের আহমদ ও আমিনুর রহমান প্রমুখ।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, শিশুটির পরিবার অত্যন্ত অসহায়। বাবার মৃত্যুর পর আগুনে পুড়ে শিশুটি আরও বেশি সংকটে পড়েছে। তাদের এই মানবিক প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি শিশুটির পুরোপুরি সুস্থতার জন্য সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।







