প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত এক যুক্তরাজ্যপ্রবাসী নারীকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউটগাঁও গ্রামের বাসিন্দা এবং শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা চৌধুরী। তবে আদালতের নির্দেশে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সিলেটের আম্বরখানা মৌজায় প্রায় ৪ দশমিক ৮৫ শতক জমি বিক্রির কথা বলে অভিযোগকারী মো. শুকুর মিয়া ও তার প্রবাসী জামাতা ফুজাইল আহমদের সঙ্গে ১ কোটি ২৩ লাখ টাকায় চুক্তি করেন মাকসুদা চৌধুরী। জমিটির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাই শেষে ক্রেতাপক্ষ তা সঠিক বলে নিশ্চিত হয়।
অভিযোগে বলা হয়, মাকসুদা চৌধুরীর নির্দেশনা অনুযায়ী তার প্রাইম ব্যাংকের হিসাবে আরটিজিএসের মাধ্যমে ১ কোটি ১৫ লাখ টাকা পাঠানো হয়। একই দিন ব্যাংক চেকের মাধ্যমে আরও ৮ লাখ টাকা দেওয়া হয়। এভাবে তিনি মোট ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করেন।
এরপর জমি রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও সরকারি ফি পরিশোধ করা হলেও শেষ মুহূর্তে তিনি দলিল সম্পাদন না করে সেখান থেকে চলে যান। পরে অভিযোগকারী ও তার প্রবাসী জামাতা বারবার যোগাযোগ করলেও তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অভিযোগকারীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, পরিকল্পিতভাবে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা গ্রহণ করলেও জমি রেজিস্ট্রি না করে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলায় গ্রেফতার হওয়া মাকসুদা চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়েছে।









