সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের আইন, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। স্পিকার হিসেবে সাংবিধানিক বিধান ও সংসদীয় রীতিনীতি অনুসরণ করে সংসদ পরিচালনায় তিনি বিশেষ সুনাম অর্জন করেন।

২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন জলপাইগুড়ি জেলার, বর্তমান পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে তার জন্ম। বাবা মৌলভী আলী বক্স ও মা বেগম ফখরুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর আইনশাস্ত্রে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করে দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে দীর্ঘদিন আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বিএনপির শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দীর্ঘদিন স্থায়ী কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ভূমি, শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিতেও ছিল তার আগ্রহ। আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, জাতিসংঘ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন। নিজ জেলা পঞ্চগড়ে শিক্ষা বিস্তারে অবদান রাখতে প্রতিষ্ঠা করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট।

ব্যক্তিগত জীবনে তিনি বেগম নুর আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছেন। দুই ছেলেই বর্তমানে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় কর্মরত।

দীর্ঘ কর্মজীবনে আইন, সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪