সিলেটের বিশ্বনাথে হাওরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মাহিদ আলী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদ আলী উপজেলার দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোহরের নামাজের পর অন্যদের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস কাটতে হাওরে যায় মাহিদ। একপর্যায়ে সঙ্গীদের থেকে কিছুটা দূরে গিয়ে নৌকায় বসে শাপলা ফুল তুলছিল সে। কিছুক্ষণ পর সঙ্গীরা গিয়ে দেখতে পান, নৌকাটি খালি পড়ে আছে। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে নৌকা থেকে কিছু দূরে শাপলা গাছের সঙ্গে জড়িয়ে মাহিদের নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বলেন, “আমি খবর পেয়েছি। মাহিদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমি এখন তাকে দেখতে তাদের বাড়িতে যাচ্ছি।”
বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনোজ প্রভাকর রায় বলেন, ঘটনাটি থানাকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






