সিলেটের বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়ারুন বিবি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় মাকে উদ্ধার করতে গিয়ে তার মেয়ে ফাতিমা বেগম (৩৫)ও বিদ্যুৎস্পৃষ্ট হন। শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছায়ারুন বিবি কামারগাঁও গ্রামের মৃত আজমান আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা-জানালা খুলতে যান ছায়ারুন বিবি। এ সময় জানালার মধ্য দিয়ে পাশের কক্ষে নেওয়া একটি বিদ্যুতের সংযোগ লাইনের লিকেজের কারণে জানালার লোহার গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি বুঝতে না পেরে গ্রিলে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে আটকে যান।
মাকে ওই অবস্থায় দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান তার মেয়ে ফাতিমা বেগম। তিনিও একই গ্রিলে স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়েন। ফাতিমার চিৎকার শুনে পাশের বাড়িতে থাকা এক স্বজন দ্রুত এসে বাড়ির মূল বিদ্যুৎ সংযোগের (মেইন সুইচ) সুইচ বন্ধ করে দেন। এতে মা ও মেয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত ছায়ারুন বিবিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





