পর্তুগালের পতাকা টানাতে গিয়ে হাসপাতালে সিলেটের কিশোর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সিলেটসহ সারাদেশে বইছে উৎসবের আমেজ। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে বিভিন্ন এলাকায় পতাকা টানাতে ব্যস্ত তরুণ-কিশোররা। তবে এই উন্মাদনার মধ্যেই সিলেটে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রিয় দল পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক কিশোর।

সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই পশ্চিমভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম হামিদ আহমদ (১৫)। তিনি ওই এলাকার আক্তার মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

সুত্রে জানা যায়, বাড়ির পাশের একটি গাছে প্রিয় দল পর্তুগালের পতাকা টানানোর সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে হামিদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে থেকে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আহত কিশোরের ভাই মারজান আহমদ সন্ধার দিকে জানান, বর্তমানে হামিদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। হামিদের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, বিশ্বকাপের উন্মাদনায় পতাকা টানানোর সময় বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই উৎসবের আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪