স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেট আসছেন সালাহউদ্দিন আহমদ। আগামী মঙ্গলবার, ১ সেপ্টেম্বর এক দিনের সফরে তিনি সিলেট আসবেন। সফরে সীমান্ত নিরাপত্তা, আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন।
সেখানে চা-বিরতির পর দুপুর ১২টা ১০ মিনিটে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ)–এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। পরে প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন ও ড্রোন প্রদর্শনী দেখবেন।
দুপুর ১টা ২০ মিনিটে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি বিজিবি অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করবেন।
বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে সালাহউদ্দিন আহমদের। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. শিমুল আকতার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।





