ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ফ্রান্স প্রবাসী লুৎফর রহমান লিজাদের আর্থিক সহযোগিতায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ময়দা ও দুধের গুঁড়া সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী এবং পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত নেতা মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া ও আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী ও সেক্রেটারি জুয়েল আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমেদ ও সেক্রেটারি মকবুল আহমেদ, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফখর উদ্দিন, রামপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিয়া মোহাম্মদ শাহেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।





