সাংবাদিক হারুন রশিদ আর নেই, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

Ayas-ali-Advertise
মরহুম হারুনুর রশিদ।
মরহুম হারুনুর রশিদ।
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক হারুন রশিদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হারুন রশিদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ওসমানী মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তাজপুর কদমতলা শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বড়ায়া কাজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশ নেন।

জানাজার আগে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সমাজসেবী আব্দাল মিয়া, সাইদুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুনতাছিম বিল্লাহ জালালী এবং মরহুমের চাচা বশির মিয়া।

হারুন রশিদ ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের বড়ায়া কাজিরগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মো. এলাইচ মিয়ার পুত্র। ব্যক্তিজীবনে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতার পাশাপাশি হারুন রশিদ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, ওসমানীনগর উপজেলা বিএনপি,বিশ্বনাথ প্রেসক্লাব, ওসমানীনগর প্রেসক্লাব, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেট জেলা মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, তাজপুর ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪