আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “মানবরচিত কোনো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন। তাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা বাস্তবায়নের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বর্তমানে অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে এতে মালিকদের স্বার্থও সংরক্ষিত হবে।”
রাজনৈতিক প্রসঙ্গ টেনে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছে। তাই বর্তমান সরকারকে অবিলম্বে সেই রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো আপস নেই।”

বিশ্বনাথ পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান এবং সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক আল আমীন প্রমুখ।







