সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী সুফিয়ান আহমদ সাইফ। শনিবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের একমাত্র ছেলে ছিলেন এবং চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
জানা গেছে, শনিবার বিকেলে বাড়ি ফেরার পথে সাইফের মোটরসাইকেল ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় সিলেট থেকে আসা একটি কারের সাথে সংঘর্ষে পড়ে। এতে সাইফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়, তবে রাতেই তার মৃত্যু ঘটে।
তার মামা নাহিদ আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় সাইফের হাত ভেঙে যায়, চোখে গুরুতর আঘাত পায় এবং মোটরসাইকেলের ভাঙা বাম্পার তার পেটে ঢুকে যায়। সিলেট শহরের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পরই তার মৃত্যু ঘটে।
এদিকে সাইফের মৃত্যুর সংবাদে এলাকায় নেমে আসে শোকের ছায়া এবং তার পরিবারে শুরু হয় আহাজারি। ছেলে হারানোর শোকে কাতর হয়ে পড়েছেন সাইফের বাবা-মা।
আরও পড়ুন:: সিলেটে চা দেওয়ার বিরোধে হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা।







