সিলেটের নগরীর কাজির বাজার এলাকায় চা দেওয়ার সময় বিলম্বের কারণে হোটেল কর্মচারী খুন হয়েছেন। নিহত হোটেল কর্মচারী নাম রুমন। রবিবার (১৩ জুলাই) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুমনের বয়স আনুমানিক ২২ বছর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এক যুবক কাজির বাজারের মাছ বাজারের পাশের একটি হোটেলে চা পান করতে ঢোকেন। চা দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এরপর হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।
কিন্তু কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ফিরে আসেন এবং রুমনের উপর হামলা করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা আসামীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন:: এসএসসিতে সিলেট বিভাগের কোন জেলায় কতজন পাশ করেছেন।







