ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ছয় শতাধিক রোগি

Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এ ক্যাম্পে ছয় শতাধিক রোগিকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগি নির্বাচন এবং গ্রাফটিংয়ের ব্যবস্থা করা হয়।

হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (এইচআরএফ) ও ইউনাইটেড এইড ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ২৫৫ জনের চোখের পাওয়ার পরীক্ষা করা হয়। এ ছাড়া, ২৩৭ জনকে চশমা এবং ৩৪৩ জনকে ওষুধ দেওয়া হয়। ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগিকে নির্বাচন করা হয়। পাশাপাশি একজন রোগির গ্রাফটিংয়ের ব্যবস্থা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত ৪০ জন রোগির ছানি অপারেশনের ব্যয় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বহন করা হবে। তাঁদের ওসমানীনগর বার্ড চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগি জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় এক বৃদ্ধ রোগি জানান, দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর চোখের ছানি অপারেশন করানো সম্ভব হয়নি। এ ক্যাম্পের মাধ্যমে অপারেশনের সুযোগ তৈরি হওয়ায় তিনি আবারও চোখের আলো ফিরে পাওয়ার আশায় রয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল মুকিতের সভাপতিত্বে বুরুঙ্গা বাজারের ব্যবসায়ী মো. শামীম আহমদ, মো. মিনহাজ মিয়া ও হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও ইউনাইটেড এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়জুল ইসলাম। এ ছাড়া, যুক্তরাজ্য থেকে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ক্যাম্পে অংশগ্রহণ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাহিন হোসেন, সমাজসেবক শাহনুর মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমদ চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান, দ্বিপংকর দেব শিবু, বাজার পরিচালনা কমিটির সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ অপু, সমাজসেবক আব্দুল মতিন, নজরুল ইসলাম, নোমান মিয়া, সাব্বির আহমদ, কামরান আহমদ, আফরাজ আহমদ ও মুকিত মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪