পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ অক্টোবর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আবদুল হাসিব।
এ সময় সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আবদুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।
নতুন ঘোষিত এই কমিটিতে শামীম আহমেদকে সভাপতি এবং রাবেল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিনিয়র সহসভাপতি মো. রফিক আহমেদ, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন এবং প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের অধিবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে প্রবাসী বিশ্বনাথবাসীদের সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে। ১৮১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।








