৫ আগস্টের পরে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে : বিশ্বনাথে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ‘৫ আগস্টের পরে রাজনৈতিকভাবে কে কি পেয়েছেন, সেটার চেয়ে বড় হিসাব হচ্ছে, এদেশে হক-বাতিল চিহ্নিত হয়ে গেছে। থলের বিড়াল বেড়িয়ে এসেছে। রোজা আর পূজাকে এক করে দেয়া হচ্ছে। ইসলামের নামে মুশরিকি কর্মকান্ড এদেশের মানুষ দেখেছে। ইসলামের নাম নিয়ে মব-বেয়াদবি করা আমরা দেখেছি। যারা ক্ষমতার বারান্দায়ও যেতে পারে নাই, তারা কতো প্রবীণ শিক্ষকদের শারীরিকভাবে হেনস্থা করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে। মসজিদ-মাদ্রাসা দখলের পায়তারা করা হয়েছে। এই হাইজ্যাক-রাহাজানি থেকে দেশকে বাঁচানো আমাদের ঈমানি দায়িত্ব।’

গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক স্বার্থে, ব্যক্তি স্বার্থে, ব্যবসায়কি স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আজকে ইসলাম সবচেয়ে বড় ফিতনায় জর্জরিত। ইসলামের সবচেয়ে বড় দুর্দিন। আজকের দিনে বাজারে সমস্ত পণ্যের দাম বেড়েছে, সবচেয়ে দাম কমেছে ঈমান-ইসলামের। ইসলামের সওদাটা সবচেয়ে সস্তা হয়ে গেছে। সকলেই সব কাজে ইসলামের দোহাই দিচ্ছে। ইসলামকে ব্যক্তি স্বার্থে পর্যন্ত নিয়ে আসা হয়েছে।’

পৌরশহরের একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম ইকবাল ও পৌর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সিলেট জেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আবু জাফর নোমান, অর্থ সম্পাদক তালুকদার ফয়জুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ’র সহসভাপতি মাওলানা আকমল হোসাইন শাকুর, সহসাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন লতিফী, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর তালামীযের সভাপতি মাওলানা আউয়াল হোসেন পারভেজ, সহসভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজুর রহমান, আল ইসলাহ’র রামপাশা ইউনিয়ন সভাপতি মাওলানা মনছুর আহমদ বিপ্লবী, দেওকলস ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, লতিফিয়া ইমাম সোসাইটি রামপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪