অবশেষে বসতভিটা পেয়ে মহাখুশী বিএনপির ত্যাগী, তৃণমূল কর্মী মশাহিদ আলী। মাথা গোঁজার একটুখানী ঠাঁই পেতে বছরের পর বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে ভূমিহীন মশাহিদ আলীকে। পদ-পদবী না থাকলেও অন্তরে-বাইরে বিএনপি অন্তপ্রাণ মশাহিদ আলী জীবনভর ছুটে বেড়ায় দলের মিছিলে-মিটিংয়ে। অথচ দিন শেষে সে একজন ভূমিহীন, মাথা গোঁজার ঠাঁই নেই তার। অবশেষে তার ভূমিহীন জীবনের দুঃখ লাঘবে এবার পাশে দাঁড়িয়েছেন বালাগঞ্জের কৃতিসন্তান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের হতদরিদ্র, ভূমিহীন সহজসরল মশাহিদ আলী বসতভিটা পেয়ে এখন মহাখুশি। সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান সম্প্রতি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে মশাহিদ আলীর দুরবস্থার বিষয়ে অবহিত হয়ে তার বসত ঘরের ২.৫ শতক ভূমি ক্রয় করে দিয়েছেন। মশাহিদ আলী এবার স্বপ্ন দেখছেন সবার মত তারও একটা বাড়ি থাকবে, ঘর হবে আর স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান নিয়ে নতুন ঘরে জীবনযাপন করবেন। নিজে পড়ালেখা না জানলেও নিজের সন্তানের পড়ালেখা নিয়ে তার অনেক প্রত্যাশা।
এদিকে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের পক্ষ থেকে তৃণমূলের পরিচিতমুখ মশাহিদ আলীকে বসতভিটা উপহার প্রদানের এ বিষয়টি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানের এই ভূমি উপহারকে সাধুবাদ জানিয়েছেন।
গত সোমবার বিকালে স্থানীয় মোরার বাজারে মশাহিদ আলীকে ভূমি উপহারের দলিল হস্তান্তরকালে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এম এ মালিক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন বালাগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির মাধ্যমে মশাহিদ আলীকে শিগগির বসতঘর নির্মাণ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ছাড়াও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আলাপকালে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, “মশাহিদ আলীর মতো ত্যাগী, তৃণমূল কর্মীদের নিয়ে আমাদের পথচলা। তারা আছে বলেই আমরা আছি, আমাদের জন্য তারা আর তাদের জন্য আমরা। আমি মনে করি, আমার সম্পদে আমার দলীয় নেতাকর্মীদের হক আছে।” তিনি তার পিতা সিলেটের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিক প্রয়াত এম এ হকের আদর্শকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের নিজের পরিবারের সদস্য হিসেবে বুকে জড়িয়ে রাখতে চান।
আলাপকালে তৃণমূল কর্মী মশাহিদ আলী বলেন, “সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলী আমাকে বাড়িঘর করে দিবেন বলেছিলেন, কিন্তু তিনি দিতে পারেননি। এম এ হক সাহেবের ছেলে আমাকে জমি কিনে দিয়েছেন এতেই আমি ধন্য।”








