বালাগঞ্জ উপজেলার চাম্পারকান্দি গ্রামে সুবিধাবঞ্চিতদের জন্য প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে গভীর নলকূপ ও ওয়াশরুম স্থাপন করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের প্রয়াত সমাজকর্মী আব্দুল মুকিত কাওছার’র পারিবারিক উদ্যোগে গঠিত মরহুম আব্দুল মুকিত কাওছার এন্ড মরহুমা দিলরুবা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে চাম্পারকান্দি গ্রামের প্রয়াত মনু মিয়ার বাড়িতে এ নলকূপ ও ওয়াশরুম স্থাপন করা হয়েছে। এ নলকূপ ও ওয়াশরুম স্থাপনের ফলে স্থানীয় ১৫/২০টি পরিবারের বিশুদ্ধ খাবার পানি সংগ্রহের পাশাপাশি বাড়ির নারীদের গোসলের ব্যবস্থা নিশ্চিত হবে।
এদিকে প্রয়াত সমাজকর্মী আব্দুল মুকিত কাওছার’র ছোটভাই, গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিক, সমাজকর্মী হাফিজ আব্দুল হাই হারুন আজ বুধবার (২৯ জুলাই) বিকালে আনুষ্ঠানিক এ গভীর নলকূপ ও ওয়াশরুমের উদ্বোধন করেছেন।
এ সময় অন্যদের মধ্যে গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার শিশু সদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন আহমদ, মাদ্রাসা বিভাগের সুপার মাওলানা আব্দুন নূর, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক হাফিজ জুবায়ের আহমদ, জামালপুর নিবাসী সমাজকর্মী মনসুর হোসেন মুকুল, সমাজসেবী ওয়েছ আহমদ, আল-ফালাহ একাডেমি দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ রুম্মান আহমদ, চাম্পারকান্দি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আব্দুল জলিল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, নশিওরপুর জাগরণী যুব সংঘের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।








