সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ (২৫) সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের নারী-পুরুষ মিলিয়ে কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব বলেন, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








