বহুতল ভবন থেকে ফেলে অভিনেত্রীকে খুন, স্বামী গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর স্বামীর সঙ্গে ঝিলিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে অষ্টম তলা থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ভাই মোজাম্মেল হক ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

চিত্রনায়ক অনিক রহমান অভি জানান, ঝিলিকের স্বামী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করলেও পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন। তাদের দাবি, বিয়ের পর থেকেই ঝিলিক বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ছিলেন এবং তাকে শোবিজ অঙ্গন থেকে দূরে রাখা হয়েছিল।

নিহতের বোন রেশমি আক্তার লোপা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ঘটনার কিছুক্ষণ আগেও ঝিলিকের সঙ্গে তার স্বাভাবিকভাবে কথা হয়েছিল। পরে তিনি বোনের মৃত্যুর খবর পান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে হত্যার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আসমা ঝিলিক চলচ্চিত্র ও নাটকের পরিচিত মুখ ছিলেন। রংবাজ সিনেমায় শাকিব খান-এর সঙ্গে অভিনয়ের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। পরে বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন। তবে বিয়ের পর কয়েক বছর ধরে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪