সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা সংকট সৃষ্টি না হয়।

শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বিশ্ববাজারে তেলের দাম বাড়া ও সরবরাহ পরিস্থিতির চাপের কারণে কোথাও কোথাও অবৈধভাবে তেল মজুতের প্রবণতা দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং মজুতের অপচেষ্টা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সিলেট অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপোতে পরিকল্পিতভাবে সদস্য মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ সকাল থেকে সিলেট জেলায় ২টি, মৌলভীবাজারে ৩টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা। দূরবর্তী এলাকাগুলোতে কার্যক্রম চালাতে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সেখানে অবস্থান নিয়েই তারা দায়িত্ব পালন করছেন।

প্রতিটি টিম একজন কর্মকর্তার নেতৃত্বে কাজ করছে। তারা নিয়মিত তদারকি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম সমন্বয় করছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ মজুত, অনিয়মিত বিক্রি কিংবা নাশকতা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে।

ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে তথ্য আদান-প্রদান জোরদার করা হয়েছে, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবির দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করার চেষ্টা চলছে।

এদিকে সীমান্তপথে জ্বালানি তেল পাচার ঠেকাতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। স্থল ও নৌপথে অতিরিক্ত টহল, বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আইসিপি ও এলসিপি এলাকায় নজরদারি বাড়িয়ে আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত পরিবহনগুলোও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪