সিলেটে শিবগঞ্জ এলাকায় অতিরিক্ত দামে মাংস বিক্রি করার অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের সময় একটি দোকানের কয়েকজন কর্মচারী মিলে ভোক্তা কর্মকর্তাদের ওপর উত্তেজিত হন, তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকার বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার কর্মকর্তারা ব্যবসায়ীদের সতর্ক করে জানান, নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করলে কঠোর জরিমানা করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন মিয়া মাংসের দোকানের কয়েকজন কর্মচারী কর্মকর্তাদের তেড়ে এসে উচ্চস্বরে প্রতিবাদ করেন এবং কঠোর ভাষায় উত্তেজিত হন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
তিনি সিলেটভিউকে বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে দোকানগুলোতে গিয়েছিলাম। কিছু ব্যবসায়ী ও কর্মচারী নির্ধারিত মূল্যের বিষয়ে আপত্তি জানালেও আমরা তাদেরকে সিটি করপোরেশনের কাছে বিষয়টি জানাতে বলেছি। পরে মাইকিং করে জানানো হয়, গরুর মাংসের প্রতি কেজি মূল্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
দোকানদারদের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়েও সতর্ক করা হয়েছে। এবার সিটি করপোরেশন গরুর মাংসের দাম প্রতি কেজি ৭৫০ টাকা নির্ধারণ করেছে। মহিষের মাংস ৬৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা এবং ছাগল ও ভেড়ার মাংস প্রতি কেজি ১ হাজার টাকা। সোনালী মুরগি ৩১০ টাকা এবং পোল্ট্রি মুরগি ১৭০ টাকা প্রতি কেজি বিক্রি করা হচ্ছে।








