সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা বলেন, সুহেল আহমদ চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী ও নিবেদিতপ্রাণ সমাজসেবক। বিশ্বনাথবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু বিশ্বনাথ উপজেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, বিশ্বনাথবাসী তাঁকে অত্যন্ত ভালোবাসতেন।
সে কারণেই তাঁরা তাঁকে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে তিনি আজীবন দলের জন্য কাজ করে গেছেন। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এ কঠিন শোক সইবার শক্তি দান করেন।





