বিশ্বনাথের ক্যান্সার আক্রান্ত যুবকের চিকিৎসার টাকা লুটের অভিযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মানুষের দান-অনুদানের টাকায় বাঁচতে চেয়েছিলেন ক্যান্সার আক্রান্ত তরুণ সুমন। জীবনের শেষ আলোটুকু আঁকড়ে ধরে চিকিৎসা চলছিল ভারতের শিলংয়ে। কিন্তু গেল রাতে একদল ডাকাতের থাবায় নিভে গেল সেই আশার প্রদীপ। চিকিৎসার জন্য জমানো সাড়ে তিন লাখ টাকা লুণ্ঠন করে নিয়ে গেছে ডাকাত দল। সম্বল হারিয়ে বাড়িতে ফিরে এখন সুমনের একটাই আর্তনাদ ‘বিনা চিকিৎসায় মরা ছাড়া আর কি পথ আছে আমার?’

​সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার বৈরাগীগাঁও গ্রামের ছইল মিয়ার ছেলে সুমন (২৭)। জীবনের বসন্তে পা রাখতেই থাবা বসায় মরণব্যাধি ক্যান্সার। দরিদ্র পরিবারের পক্ষে এই খরচে চিকিৎসা চালানো ছিল অসম্ভব। কিন্তু দমে যাননি সুমন। বাঁচার আকুতিতে হাত পেতেছিলেন মানুষের দুয়ারে। দেশ-বিদেশের অগণিত দয়ালু মানুষের সহায়তায় তিল তিল করে জমা হয়েছিল সাড়ে ৩ লাখ টাকা।
​সেই ভরসাতেই গত ২৯ জুন ভারতের শিলংয়ে চিকিৎসা শুরু হয় তাঁর। তবে, চিকিৎসা চালিয়ে যেতে অর্থের প্রয়োজনে দেশে ফিরেছিলেন তাঁর পিতা বাকি টাকা সেখানে নিয়ে যেতে। ব্যাংক থেকে তোলা টাকা এবং এক প্রবাসীর দেওয়া অনুদানসহ মোট সাড়ে ৩ লাখ টাকা যত্নে রাখা হয়েছিল ঘরের আলমারিতে, কাপড়ের ভাঁজে।

সুমনের পিতা ছইল মিয়ার ভাষ্য,​শুক্রবার (২৪ জুলাই) গভীর রাত সাড়ে ৩টা। যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন প্লাস্টিকের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৩ জনের একদল সশস্ত্র ডাকাত। অস্ত্র উঁচিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে তারা। তন্ন তন্ন করে খুঁজে তারা ছিনিয়ে নেয় সুমনের জীবনের শেষ সম্বল-আলমারিতে যত্নে রাখা সেই সাড়ে ৩ লাখ টাকা।
​ডাকাতেরা শুধু টাকাই নেয়নি, ছিনিয়ে নিয়েছে ২৭ বছরের এক তরুণের বেঁচে থাকার স্বপ্নও।

​খবর পেয়ে আজ (শনিবার) সুমন দেশে ফিরে আসেন। টাকার অভাবে শিলংয়ে অবস্থান করে চিকিৎসা চালানো তাঁর পক্ষে আর সম্ভব হয়নি। দেশে ফিরে কান্নায় ভেঙে পড়ে সুমন বলেন,
​’মানুষের কাছে হাত পেতে চিকিৎসার টাকা জমা করেছিলাম। ডাকাতির খবর শুনে আজ দেশে ফিরেছি। সেখানে থাকার বা চিকিৎসা করার মতো আর এক কানাকড়িও নেই। এখন বিনা চিকিৎসায় তিলে তিলে মরা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই।’

​ঘটনার পর সুমনের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ‘ঘটনাটি গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে এবং দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪