সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে একটি টয়লেটের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে আহবাফ হুমাইদি ইসরান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আহবাফ হুমাইদি ইসরান গাছবাড়ী বাজারের সাবেক পাহারাদার আহমদ আলীর ছেলে। সে স্থানীয় নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলাধুলা করছিল আহবাফ। একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখের আড়াল হয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর বাজারসংলগ্ন একটি টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখতে পান স্বজনরা। স্থানীয়দের সহযোগিতায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছবাড়ী উত্তর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাসির বলেন, শিশুটির বাবা ছেলেকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে টয়লেটের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় ভেতরে তল্লাশি চালানো হয়। পরে শিশুটিকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জনবহুল স্থানে থাকা টয়লেট ও সেপটিক ট্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।







