সিলেটের বিশ্বনাথ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন অপরাধ দমনে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন, খাজাঞ্জী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ কে এম মনোওর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার মাদক পরিস্থিতি, চুরি প্রতিরোধ, পৌর শহরের তীব্র যানজট, লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান বক্তারা।





