নিজেদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৃথক দুটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন করে ‘কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। এতে উপজেলার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পে দেশি ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
বুধবার (২২ জুলাই) বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজার এলাকায় কেয়ার পয়েন্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে প্রায় দেড় শতাধিক এবং দেওকলস ইউনিয়নের গুদামঘাট এলাকায় অনুষ্ঠিত দ্বিতীয় ক্যাম্পে সাড়ে তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
কেয়ার পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান সাহেদ আহমদ কয়েসের সভাপতিত্বে ম্যানেজিং ডিরেক্টর শফিউল ইসলাম মামুনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানকারী বিদেশী চিকিৎসকদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের ‘সেলফল্যাস’ অর্গানাইজেশনের সদস্য ডা. নাঈম আহমেদ, ডা. জাহাঙ্গীর আলম, এনিনা আইম্যাকন, ডা. কাউলান কানিংহাম, ডা. আনা ফারওয়াহ, ডা. বারিদা পিউ, ডা. নাওমি পটস, ডা. সাবেইন হোসাইন, অ্যাশ গুগনানি ও এলিসা জ্যাকসন।
দেশীয় চিকিৎসকদের মধ্যে সেবা দেন ডা. মাহমুদুল আমিন, ডা. তাসনিয়া আক্তার সুইটি ও ডা. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, কেয়ার পয়েন্টের ডিরেক্টর ফখরুল ইসলাম সুমেল ও জেনারেল ম্যানেজার মাহবুব আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।





