আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন দেশের মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন তিনি।
ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতির কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, ৮১টি নিবন্ধিত দেশীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষকের পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন।
তিনি আরও জানান, নির্বাচন পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা, ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন পোলিং অফিসার এবং পোস্টাল ভোট কার্যক্রমে নিয়োজিত আরও ১৫ হাজার কর্মকর্তা।
ইসি সানাউল্লাহ বলেন, একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মাঠে থাকবে। ব্রিফিং শেষে তিনি উপস্থিত কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন কমিশনের কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে তাদের আশ্বস্ত করেন।







