ইলিয়াস আলীর আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে : লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের কান্ডারী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা মনের টানে, নাড়ীর টানে এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে কষ্টার্জিত অর্থ ব্যয় করে দেশে এসেছেন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সিলেট-২ আসনটি শহীদ এম. ইলিয়াস আলীর আসন। এই আসনের মানুষের কল্যাণে কাজ করার জন্য বেগম খালেদা জিয়া তাকে নির্দেশনা দিয়েছিলেন। এখন সময় এসেছে সিলেট-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনের ফলাফল উপহার দেওয়ার।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান ইতোমধ্যে অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নিজেও সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশীদার হতে পারবেন।

তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধানের শীষের সমর্থনে বিশ্বনাথ সরকারি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি চক্র নির্বাচনকে ঘিরে গোপনে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটের দিন ফজরের নামাজ আদায় করে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অবস্থান নিতে হবে। একই সঙ্গে ভোট গণনা শেষে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ না করার আহ্বান জানান তিনি।

এলাকার প্রবীণ মুরব্বি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুবদল নেতা রুমেল মিয়া ও আমির আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, উপজেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা মাহতাব উদ্দিন, শ্রমিক নেতা দিলোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রনেতা শেখ শাহজাহান ও আব্দুর রব।

নির্বাচনী জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪