সিলেটের চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কানাইঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তিনি স্থানীয় ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাবিল ও অভিযুক্ত ইসলাম হোসেন একই বাড়িতে বসবাস করতেন এবং তারা সম্পর্কে চাচাতো ভাই।

ঘটনার দিন সকালে বাড়ির বাথরুমের জায়গায় মাটি ফেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন নাবিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী।

খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ইসলাম হোসেন নাবিলকে ছুরিকাঘাত করেন। নিহত ও অভিযুক্ত একই বাড়িতে বসবাস করতেন। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪