বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু

Ayas-ali-Advertise
বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু
ঘটনাস্থল পরিদর্শন করছেন বিশ্বনাথ থানার গাজী মাহবুবুর রহমান।
বিশ্বনাথে বিয়ের ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে নববধূর মৃত্যু
ঘটনাস্থল পরিদর্শন করছেন বিশ্বনাথ থানার গাজী মাহবুবুর রহমান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় আগুনে পুড়ে রেছনা বেগম (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

রেছনা বেগম ওই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী এবং অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। গত ২ জানুয়ারি পারিবারিকভাবে আব্দুল মালিকের সঙ্গে তার বিয়ে হয়।

আব্দুল মালিকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে আব্দুল মালিক তার বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটের একটি ক্লিনিকে যান। পরিবারের অন্য সদস্যরাও তাদের সঙ্গে ছিলেন। অন্যদিকে, পরিবারের ছোট ছেলে শসা বিক্রির জন্য স্থানীয় বাজারে যান। বাড়িতে তখন রেছনা বেগম ও আব্দুল মালিকের ৮ বছর বয়সী এক ভাগ্নি ছাড়া আর কেউ ছিলেন না।

বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে আসা চিৎকার শুনে প্রতিবেশী এক মেয়ে এগিয়ে আসেন। ভেতর থেকে রান্নাঘরের দরজা বন্ধ থাকায় তিনি দরজার অদূরের একটি ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দরজাটি খুলে দেখেন, রেছনার পুরো শরীরে আগুন জ্বলছে। এ সময় বাড়ির লোকজন এগিয়ে আসেন। তারা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

খবর পেয়ে রবিবার রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, “আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪