সিলেটের ওসমানীনগরে শ্যামলী ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। তারা শ্যামলী পরিবহনের একজন সুপারভাইজার ও একজন হেলপার ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকার দিকে এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করছিল। দয়ামীর কোনাপাড়া এলাকায় পৌঁছালে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিক পরিবহনের আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, থানা পুলিশ এবং শেরপুর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। আহত পাঁচজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাসগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







