সিলেটে সাদা পাথর লুটের মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি (পদ স্থগিত) সাহাব উদ্দিনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আমলি আদালত-৭ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী সংস্থা সাহাব উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড অনুমোদন করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সদস্যরা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানিয়েছে, আলোচিত সাদা পাথর লুট মামলার পাশাপাশি তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি ও দখলবাজিসহ দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব দায়িত্ব স্থগিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন বর্তমানে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে।
আরোও পড়ুন:: বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স’র নতুন কমিটি গঠন।







