জায়গা নিয়ে বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তার ছেলে ফয়াজ আলীর (৪২) নাম জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ নিয়ে আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে বাবার ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুলতান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

জুড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জায়গা-জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪