মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত পয়েন্টও কেটে নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে প্রচলিত শাস্তির পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।
বিআরটিএ আরও জানায়, ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কোনো চালক আইন ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে তার লাইসেন্স থেকে সংশ্লিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে।
এ অবস্থায় সড়ক পরিবহন আইন ও ট্রাফিক বিধিমালা যথাযথভাবে মেনে চলার জন্য মোটরযান চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।









