সবার সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে চলছে সিলেটের বিশ্বনাথ উপজেলার শরিষপুর সেতুর নির্মাণকাজ। বিশেষ করে প্রবাসীদের আর্থিক সহায়তায় ইতোমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। এখন কেবল স্টিলের সিট বসানো বাকি রয়েছে। এ কাজ সম্পন্ন হলেই পূর্ণাঙ্গ রূপে ব্যবহারের উপযোগী হবে সেতুটি।
বাসিয়া নদীর উত্তরপাড়ে অবস্থিত শরিষপুর গ্রামে বসবাস করেন প্রায় ৪৫টি পরিবার। বহুদিন ধরে তারা বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতেন। সেতু নির্মাণের দাবিতে গ্রামবাসী বহুবার জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফলে হতাশ হয়ে নিজেরাই উদ্যোগ নেন সেতু নির্মাণের কাজে। এতে প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহায়তা মেলে, যার ফলে দ্রুত অগ্রগতি দেখা যায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয়দের রবাত থেকে জানা যায়, সেতুর রেলিংসহ নিচের অংশে স্টিলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এখন শুধু স্টিলের সিট বসানো বাকি। তবে এ কাজে আরও প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।
শরিষপুর গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া বলেন, “প্রবাসীদের অনুদানে আমাদের সেতুর কাজ এগোচ্ছে। তবে স্টিলের সিট বসানোর জন্য পর্যাপ্ত অর্থের অভাব রয়েছে। তাই প্রবাসী ও সহৃদয় মানুষদের কাছে সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের সহায়তায় এতদূর কাজ সম্ভব হয়েছে। বাকী অংশটুকু যাতে থেমে না যায়, সে বিষয়ে সবার সহযোগিতা দরকার।”
একই গ্রামের মো. নানু মিয়া জানান, “শরিষপুর সেতুর কাজ এগিয়ে নিতে প্রবাসীদের অবদান অনন্য। আমরা কৃতজ্ঞ। এখন শুধু শেষ ধাপের কাজ বাকি। আশা করি, প্রবাসীরা আবারও এগিয়ে আসবেন।”
আরোও পড়ুন:: বিশ্বনাথে মিলাদুন্নবী’র বর্ণাঢ্য র্যালী






