সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী জাগরণ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমেদ রহিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ২০০৬ সালের শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথের একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তাঁরা শিক্ষাজীবনে ফারুক আহমেদ রহিমের অবদান, শিক্ষা ও দিকনির্দেশনার কথা স্মরণ করেন। এ সময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনার জবাবে ফারুক আহমেদ রহিম সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০০৬ সালের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সপ্রবাসী মোহাম্মদ আলী হোসেন, সংবাদকর্মী মোহাম্মদ রিয়াজ উদ্দিন তালুকদার, মুজিবুর রহমান মঞ্জু, মো. খছরু, আব্দুল কাদির, সালেক মিয়া, সাহেদ মিয়া, বাবেল আহমেদ, ফিরুজ আলী, সাহেদ আহমেদ, হেলাল মিয়া, মো. রায়হান ও আবদুর নুরসহ সাবেক শিক্ষার্থীরা।
স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের নানা স্মৃতি উঠে আসে।





