সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টয়লেটের ফি আদায় করার ঘটনায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে। নির্ধারিত ৫ টাকার পরিবর্তে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা করে নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমদাদুল হক শরীফ।
তিনি জানান, বিমানবন্দরের পাবলিক টয়লেটে প্রবেশের জন্য ৫ টাকা ফি নির্ধারিত থাকলেও, সেখানে দেয়ালে ব্যানার টানিয়ে ১০ টাকা লেখা ছিল এবং সেই অনুযায়ী ফি আদায় করা হচ্ছিল। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হয়। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ইজারাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশে তাৎক্ষণিকভাবে দেয়ালে টানানো ১০ টাকার ফি’র নোটিশ অপসারণ করে সঠিকভাবে ৫ টাকা ফি লেখা নতুন ব্যানার সাঁটানো হয়। অতিরিক্ত ফি আদায় করা সম্পূর্ণ বেআইনি এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরবর্তীতে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের ইজারা বাতিল করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সবসময় যাত্রীসেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। এ জন্য নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বিমানবন্দরে উপস্থিত যাত্রী ও দর্শনার্থীরা ঘটনাটি দেখে বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, নিয়ম বহির্ভূতভাবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় একটি ভোগান্তি তৈরি করছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
আরোও পড়ুন:: সিলেটীসহ ১৫জন বাংলাদেশীকে দেশে পাঠাল বৃটেন।








